ফ্রান্সে নবীজির ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজ শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা মিরপুর-১৪ নাম্বার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পরে মিরপুর-১০ নাম্বারে সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন কাফরুল থানা শাখা ৷
বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুফতি মোস্তাফিজুর রহমান বলেছেন, ফ্রান্সে বাকস্বাধীনতার নামে রাষ্ট্রীয়ভাবে ব্যঙ্গচিত্র প্রচারের নির্লজ্জ ঘটনা মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে ফ্রান্স সরকারকে মুসলিমদের নিকট ক্ষমা চাইতে হবে ৷
সমাবেশে বিশেষ অতিথির আলোচনায় নগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লাহ আল খালিদ বলেন, আল্লাহর রাসুল (সা.)কে জীবনের চেয়েও ভালবাসা ঈমানের দাবি ৷ রাষ্ট্রীয়ভাবে বাকস্বাধীনতার নামে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে ফ্রান্স সরকার মারাত্মক অপরাধ করেছে ৷ রাষ্ট্রীয়ভাবে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন-সংগ্রাম ও বয়কট চলবে ৷
বিশেষ অতিথির আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাফরুল থানার সেক্রেটারি জননেতা হাফেজ হানিফ ভূঁইয়া বলেন, বাকস্বাধীনতার নামে বিশ্বনবীর অবমাননার ঘটনা অসভ্যতাকেও হার মানিয়েছে। ফ্রান্স সরকারকে এর চরম মূল্য দিতে হবে। প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান, রাষ্ট্রীয়ভাবে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব করুন এবং ফরাসী রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানান ৷
বিশেষ অতিথির বক্তব্যে নগর সাংগঠনিক সম্পাদক মুফতি হাফিজুল হক বলেন, ফ্রান্সে রাসুল (সা.) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন বন্ধ না করলে বিশ্বব্যাপী ফ্রান্স সরকারকে বয়কট করা হবে।
এ ঘটনায় ফ্রান্সকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার ব্যাপারে অঙ্গীকার করতে হবে। এজন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানান ৷
ইসলামী যুব আন্দোলন কাফরুল থানার সহসভাপতি মুফতি মাহদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ রায়হান হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলনের থানা ও নগর নেতৃবৃন্দ ৷
উক্ত সমাবেশ থেকে সরকারের প্রতি ৪টি দাবি পেশ করা হয় ৷ এক. রাষ্ট্রীয়ভাবে দেশে ফ্রান্সের পণ্য বয়কট করা ৷ দুই. জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব ৷ তিন. ঢাকাস্হ ফরাসী রাস্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো ৷ চার. রাষ্ট্রীয়ভাবে ইসলাম ও নবী অবমাননার দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাশ করা ৷
জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

Post a Comment