৩ দিনব্যাপী চরমোনাইর মাহফিল শুরু আজ
জাগো প্রহরী : অগ্রহায়ণে চরমোনাইর তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল আজ শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা শুরু হতে যাচ্ছে। আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মো. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই মাহফিলের উদ্বোধন করবেন। তিনদিন ব্যাপী এ মাহফিল আজ শুরু হয়ে ২৯ তারিখ বাদ ফজর আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে। এবার বার্ষিক মাহফিল কীর্তনখোলা নদীর তীরবর্তী চরমোনাই মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার তা কানায় কানায় পূর্ণ হয়। লক্ষ লক্ষ মুসল্লির আল্লাহ! আল্লাহ! জিকিরের ধ্বনিতে মুখরিত এখন গোটা চরমোনাই এলাকা।
শত শত বাস-লঞ্চ-ট্রলারে দেশের বিভিন্নস্থান থেকে জনস্রোত চলেছে চরমোনাই অভিমুখে। পীর সাহেব চরমোনাই উদ্বোধনী বয়ানে শরীয়ত ও মারেফত এবং মাদ্রাসা সম্পর্কে বয়ান রাখবেন। মাহফিলে নিজস্ব ব্যবস্থাপনায় কয়েক হাজার লাউড স্পিকার, বৈদ্যুতিক বাতি লাগানো হয়েছে। বিদ্যুত স্বাভাবিক রাখতে জেনারেটর সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। নিজস্ব গভীর নলকূপে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে। পয়ঃনিষ্কাশনের জন্য রয়েছে কাঁচা-পাকা টয়লেটের ব্যবস্থা। মাহফিলে আগত মুজাহিদ ও মুসল্লিগণ খাওয়া-দাওয়ার ব্যবস্থা নিজেরাই আয়োজন করে থাকেন। এককভাবে যারা মাহফিলে আসেন তাদের খাওয়া-দাওয়ার সুবিধার্থে রয়েছে কয়েক হাজার হোটেলের ব্যবস্থা। মাহফিলের শৃংখলা ও নিরাপত্তা রক্ষায় রয়েছে স্বেচ্ছাসেবক, মাদ্রাসার ছাত্র, র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থার কর্মীরা দায়িত্ব পালন করবেন। মুসল্লিদের মধ্যে যদি কেহ অসুস্থ হয়ে পড়েন তাদের চিকিৎসার জন্য মাহফিল কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় অস্থায়ী হাসপাতাল চালু করেছেন।
বৈশ্বিক মহামারি করোনার কারণে এবার চরমোনাইর বাৎসরিক মাহফিল মাত্র দুটি মাঠে অনুষ্ঠিত হবে। তাই সাস্থ্য সুরক্ষার জন্য মাহফিলে আগত সকল মুজাহিদ ভাইদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়া এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মাহফিলে যেতে বলা হয়েছে। ঠান্ডা, জ্বর, কাশি এ ধরণের সমস্যায় যারা ভুগছেন তারা এবারের মাহফিলে না আসার জন্য বামুক সেক্রেটারি জেনারেল সাহেবের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
জাগো প্রহরী/এফজে
This theme has been developed by OURISLABD.
Post a Comment